দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার গ্রামীণ সড়ক এবং অবকাঠামো উন্নয়নে ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে দাবি করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মঙ্গলবার (২ জুন) জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে প্রকল্প-সংশ্লিষ্ট বিষয়ে ঢাকা থেকে আগত একটি বিশেষ তদন্ত দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে অনুমোদিত প্রকল্পের প্রয়োজনীয় কাগজপত্র প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
এ সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম, এলজিইডির জয়পুরহাট সদর উপজেলার সহকারী সিনিয়র প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন ট্রেডার্সের স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত মাঠপর্যায়ে কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়পুরহাটের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এমএস/